কেন কিছু মানুষ জন্মগতভাবেই আলাদা?
পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসগুলো কখনো বাইরে পড়ে থাকে না।
হীরা মাটির গভীরে, সোনা পাথরের আড়ালে আর তেল সমুদ্রের তলদেশে লুকায়িত থাকে। যত মূল্যবান, তত গভীরে লুকানো — যেন প্রকৃতি নিজেই তাদের পাহারা দিচ্ছে।
আল্লাহ তায়ালার এই সৃষ্টির নিয়মটি কি শুধু খনিজ সম্পদের জন্য? না। এই একই নিয়ম মানুষের ক্ষেত্রেও সত্য।
যে মানুষটি ভিড়ের মধ্যে চুপ করে বসে থাকেন, যিনি পার্টিতে কোণায় দাঁড়িয়ে থাকেন, যাঁর কণ্ঠস্বর উচ্চ নয় কিন্তু চিন্তা অত্যন্ত গভীর — সমাজ তাঁকে “গুটিয়ে থাকা মানুষ” বলে। কিন্তু ইতিহাস তাঁকে চেনে অন্য নামে।
ইমাম ইবনুল কাইয়িম (রহ.) একাকী কক্ষে বসে এমন বই লিখেছেন, যা আজও কোটি মানুষের অন্তর নাড়িয়ে দেয়। ইমাম গাজালি (রহ.) জনপদ ছেড়ে নির্জনতায় গিয়ে লিখেছেন “ইহইয়া উলুমুদ্দীন” – যে কিতাব আজও পৃথিবীর লক্ষ মাদ্রাসায় পড়ানো হয়। আইজ্যাক নিউটন, আলবার্ট আইনস্টাইন — দুজনেই ছিলেন Introvert। তাঁদের সবচেয়ে বড় আবিষ্কারগুলো এসেছে একাকী ভাবনার গভীর থেকে।
এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মাদ ﷺ — ওহী নাযিলের আগে বারবার হেরা গুহায় একাকী ধ্যানে মগ্ন হতেন। নির্জনতাকে তিনি ভয় পেতেন না, বরং সেখানেই তাঁর রূহ প্রশান্তি খুঁজে পেত। আল্লাহ তায়ালা তাঁর সবচেয়ে বড় সম্মান – নবুওয়াত – সেই নির্জনতার মাঝেই দান করেছিলেন।
আল্লাহ তায়ালা কুরআনে বলেন-
وَفِي أَنفُسِكُمْ أَفَلَا تُبْصِرُونَ
“এবং তোমাদের নিজেদের মধ্যেও (নিদর্শন রয়েছে), তবুও কি তোমরা দেখছ না?” (সূরা আয-যারিয়াত, ৫১:২১)
আপনার ভেতরে যা আছে – সেটাই আল্লাহর নিদর্শন। সেই মেধা, সেই গভীর চিন্তা, সেই একাকী মুহূর্তের অনুভূতি – এগুলো দুর্বলতা নয়। এগুলো আল্লাহর দেওয়া আমানত।
এখন প্রশ্ন হলো – এই মানুষগুলো কেন এত নীরব থাকেন?
যার থলিতে অনেক ডলার আছে, সে রাস্তায় চেঁচিয়ে বলে না – “আমার কাছে টাকা আছে!” বরং সে চুপচাপ, সতর্কভাবে চলে। কারণ সম্পদ যত বড়, ঝুঁকিও তত বেশি। ঠিক তেমনি, যে মানুষের ভেতরে বিশাল মেধা লুকিয়ে আছে – শয়তান তাকে ছাড়ে না। সে বারবার কানে ফিসফিস করে: “তুমি কি এত মানুষের সামনে দাঁড়াবে? হাসবে না লোকে? ব্যর্থ হলে কী হবে?”
রাসূলুল্লাহ ﷺ বলেছেন – “শয়তান মানুষের সন্তানের কাছে আসে এবং বলে, তুমি এটা করলে অমুক বলবে, তমুক বলবে।” এই ওয়াসওয়াসা সবার কাছে আসে – কিন্তু যার ভেতরে বেশি সম্পদ, তার কাছে শয়তান বেশি মরিয়া হয়ে আসে।
এই ভয়টাই প্রমাণ করে – ভেতরে কিছু একটা আছে। খালি পাত্রকে কেউ চুরি করতে আসে না।
তাই আমার প্রিয় Introvert ভাইদেরকে বলছি – আপনার নীরবতা দুর্বলতা নয়, এটা গভীরতার নিদশর্ন। কিন্তু সেই গভীরতাকে একদিন বাইরে বের করে নিয়ে আসতে হবে। হীরা মাটিতে থেকে গেলে শুধু মাটিই থাকে – তাকে উত্তোলন করতে হয়, পালিশ করতে হয়, মানুষের সামনে আনতে হয়।
মানুষের সামনে কথা বলা বা Public speaking শেখা মানে নিজেকে বদলে ফেলা নয়। এর মানে নিজের ভেতরের সম্পদকে পৃথিবীর সামনে তুলে ধরা। আপনি Introvert থাকবেন কিন্তু নীরব থাকবেন না। আল্লাহ তায়ালা আপনাকে এই মেধা দিয়েছেন – শুধু আপনার জন্য নয়। এই উম্মাহর জন্য, এই পৃথিবীর জন্য তাই গোটা উম্মাহ আপনার দিকে তাকিয়ে আছে।
মাটির নিচে থাকা হীরার কোনো দাম নেই। দাম তখনই হয় যখন সে প্রকাশ্যে আসে।
আজই সেই প্রথম পদক্ষেপটি নিন। একটি ছোট লেখা, একটি ছোট ভিডিও বানান। একটি মানুষকে আপনার চিন্তা শেয়ার করুন। কারণ আল্লাহ তায়ালা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন – আমি তোমাকে যা দিয়েছিলাম, তুমি তা দিয়ে কী করেছিলে?
আপনিকি আজই শুরু করবেন নাকি সম্পদ লুকিয়ে রাখবেন?
ইসলামী বইয়ের প্রয়োজনে কিতাবুল বারাকাহ ওয়েবসাইটে ভিজিট করুন।